ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, কিশোর আটক
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নিখোঁজের একদিন পর ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে প্রতিবেশী কিশোরকে (১৪) আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বুধবার (১৩ মে) দুপুরে বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু লামিয়া। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে এলাকায় মাইকিংও করা হয়। আজ বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ৮টার দিকে একই এলাকার মৃত তজবুল ইসলামের ছেলে সেন্টু ভুট্টাক্ষেতে কাজ করতে গিয়ে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দা মহসিনা বেগম জানান, বুধবার দুপুরে তিনি ভুট্টাক্ষেতে ঘাস কাটতে গেলে ওই কিশোরকে শিশু লামিয়াকে কোলে নিয়ে যেতে দেখেন। পরে শিশুটির হত্যার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
শিশুটির চাচা তরিকুল ইসলাম বলেন, গতকাল থেকে আমরা পাগলের মতো ওকে খুঁজেছি। মাইকিং করেছি, আত্মীয়-স্বজনের বাড়িতেও খোঁজ নিয়েছি। সকালে প্রতিবেশী সেন্টু লাশ দেখতে পায়। আমরা এই নির্মম হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার চাই।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ আমানুল্লাহ আল বারী বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। আটক কিশোর প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুটিকে হত্যার কথা স্বীকার করেছে।
ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন ও সহকারী পুলিশ সুপার স্নেহাশিষ কুমার দাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/168906