ময়মনসিংহের মুক্তাগাছায় বসতঘরের তালা কেটে ৩৫ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পেশাদার চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া ২১ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার (১৩ মে) ঢাকার শাহজাহানপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- মুক্তাগাছা উপজেলার বিরাশি মধ্যপাড়া এলাকার সৌরভ মিয়া (৩০) ও জনি (২৫)।
পুলিশ জানায়, মুক্তাগাছা উপজেলার বিরাশি এলাকার ব্যবসায়ী আশরাফুল আলম জমি কেনার উদ্দেশ্যে ব্যবসার ৩৫ লাখ টাকা বাড়িতে সংরক্ষণ করে রেখেছিলেন। ব্যাংক হিসাব না থাকায় তিনি টাকাগুলো ঘরের শয়নকক্ষের একটি স্টিলের ট্যাংকে রাখেন। তার বাবা হজ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করায় বাড়িতে তার মা হাসিনা বেগম একাই বসবাস করছিলেন।
গত ১ এপ্রিল সন্ধ্যায় হাসিনা বেগম প্রতিবেশীর বাড়িতে গেলে দুর্বৃত্তরা ঘরের তালা কেটে শয়নকক্ষের স্টিলের ট্যাংক ভেঙে ৩৫ লাখ টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় মুক্তাগাছা থানায় মামলা দায়ের করা হয়।
পরে ময়মনসিংহের পুলিশ সুপারের নির্দেশনায় এবং মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলামের নেতৃত্বে একাধিক টিম অভিযান চালায়। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে ঢাকার শাহজাহানপুর এলাকা থেকে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শাহজাহানপুর রেলওয়ে কলোনির একটি ভাড়া বাসা থেকে ১৮ লাখ টাকা এবং ময়মনসিংহ কোতোয়ালী থানার চর কুষ্টিয়া এলাকায় সৌরভের খালার গোয়ালঘরের মাচার নিচ থেকে আরও ৩ লাখ টাকা উদ্ধার করা হয়।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, গ্রেপ্তার দুইজন পেশাদার ছিনতাইকারী ও চোর চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় ছিনতাই, মাদকসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে। ঘটনার পর থেকেই তারা আত্মগোপনে ছিলেন। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, উদ্ধার হওয়া টাকাসহ আসামিদের আদালতে পাঠানো হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী উদ্ধারকৃত টাকা ভুক্তভোগীদের কাছে হস্তান্তর করা হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/168774