বগুড়ার ধুনটে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় বৃদ্ধ গ্রেফতার
ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনটে স্কুপড়ুয়া ছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় আব্দুল কাদের ফকির (৬৫) নামে এক কৃষককে গ্রেফতার করেছে র্যাব। সে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের যুগিগাতী গ্রামের অবিয়া ফকিরের ছেলে।
গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে সোমবার রাতে সিরাজগঞ্জ জেলা শহরের নরেন্দ্র বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ধর্ষণ ঘটনার পর থেকে সে পলাতক ছিল।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার শ্যামবাড়ি গ্রামের মহরম আলীর সঙ্গে মেয়েকে বিয়ে দিয়েছেন আব্দুল কাদের ফকির। তার মেয়ে ও জামাই জীবিকার তাগিদে ঢাকায় অবস্থান করেন। এ কারণে জামাই ও মেয়ের বাড়ি দেখাভালের করেন আব্দুল কাদের।
মেয়ে-জামাইয়ের বাড়ির পাশেই ভুক্তভোগী ওই স্কুলছাত্রীর বাড়ি। আগে থেকে স্কুলছাত্রীর সঙ্গে আব্দুল কাদেরের পরিচয় রয়েছে। এ অবস্থায় ৩ এপ্রিল বেলা সাড়ে ১১টায় আব্দুল কাদের নিজ বাড়ি থেকে জামাই বাড়িতে আসেন। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে আব্দুল কাদের কৌশলে স্কুলছাত্রীকে জামাই বাড়িতে ডেকে আনে। এসময় ওই বাড়িতে অন্য কেউ ছিল না।
এ সুযোগে নির্জন বাড়িতে আব্দুল কাদের ওই ছাত্রীকে ধর্ষণ করে। এসময় স্কুলছাত্রীর চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে পৌঁছলে আব্দুল কাদের সটকে পড়ে। এ ঘটনায় ৫ এপ্রিল ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা বাদি হয়ে আব্দুল কাদেরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, র্যাবের সহযোগিতায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধর্ষণ মামলার পলাতক আসামি আব্দুল কাদেরকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/168711