শিবির গুপ্ত হলে ৫ বিশ্ববিদ্যালয়ে জিতল কি করে : এটিএম আজহারুল ইসলাম
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: জামায়াত নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি বলেছেন, শিবির গুপ্ত সংগঠন হলে ৫টি বিশ্ববিদ্যালয়ে জিতল কি করে? যারা শিবিরকে গুপ্ত বলে তারা আসলে গুপ্ত কাকে বলে তা জানে না। গতকাল সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরপার্কে কুরআন দিবস উপলক্ষে ছাত্রশিবিরের আয়োজনে ছাত্র-গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় সরকারের কঠোর সমালোচনা করে আজহারুল বলেন, ৫ আগস্ট না হলে প্রধানমন্ত্রী বা মন্ত্রী হতে পারতেন না। অথচ এখন ৫ আগস্টকে অস্বীকার করছেন। এই অস্বীকারের মাধ্যমে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। ৫ আগস্ট একটি সরকারের নিকট থেকে আরেকটি সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আন্দোলন ছিল না। ছিল সংস্কারের আন্দোলন। জনগণের হাতে ক্ষমতা দেয়ার আন্দোলন। পরিবর্তনের আন্দোলন।
তিনি বলেন, সরকারের মন্ত্রীরা এখন জামায়াতকে নিমূর্লের কথা বলছেন। এটি সম্ভব নয়। ১৬ বছর আওয়ামী লীগ সর্বোতভাবে জামায়াতকে নির্মূলের চেষ্টা করে পারেনি। এখন আবার শুরু হয়েছে লুটপাট, চাঁদাবাজি। আইনশৃঙ্খলার অবনতি ঘটেছে। দ্রব্যমূল্য নাগালের বাইরে।
আজহারুল বলেন, একা সরকার চালাতে পারবেন না। আপনাদের পায়ের তলার মাটিতে কাঁপন ধরেছে। তেল নিয়ে সিন্ডিকেট করে করে লুটপাট করেছেন। এখন বিরোধী দলের সাথে কমিটি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। নায়েবে আমির বলেন, জুলাই সনদ মেনে নিন। বাস্তবায়ন করুন। সংস্কার করুন। জনগণ একটি দলের হাতে দেশকে জিম্মি হতে দিবে না।
শিবির চাঁপাইনবাবগঞ্জ সদর শাখা সভাপতি ইউসুফ আল গালিবের সভাপত্বিতে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রফিকুল ইসলাম খান এমপি, নুরুল ইসলাম বুলবুল এমপি, ড. মিজানুর রহমান এমপি প্রমুখ। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন শিবির কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/168700