কারাগারে বন্দির সঙ্গে ভুক্তভোগী নারীর বিয়ে
ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে এম তরিকুল ইসলাম (২৬) নামে এক বন্দির সঙ্গে মামলার বাদীর বিয়ে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ মে) কারা অধিদফতরের এআইজি (উন্নয়ন ও মিডিয়া) জান্নাত উল ফরহাদ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, যাত্রাবাড়ী থানা এলাকায় হওয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় গ্রেফতার হন দরিকুল। বর্তমানে তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন। আসামির পক্ষে মামলার বাদী ভুক্তভোগী নারীকে (৩৫) বিয়ে করার অনুমতি চেয়ে আদালতে আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন।
জান্নাত উল ফরহাদ আরও জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী— কারাগারের ভেতরে সিনিয়র জেল সুপারের উপস্থিতিতে কাজির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিয়ে রেজিস্ট্রি সম্পন্ন করা হয়। ধর্মীয় বিধান অনুসরণ করে তাদের বিয়ে পড়ানো হয়।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, আদালতের নির্দেশনা মেনেই পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে আইনগত বিধি অনুসরণ করে বিয়ের নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/168697