রংপুরে টিসিবির পণ্য বিক্রি শুরু খুশি প্রান্তিক জনগোষ্ঠী

রংপুরে টিসিবির পণ্য বিক্রি শুরু খুশি প্রান্তিক জনগোষ্ঠী

রংপুর জেলা প্রতিনিধি: রংপুর মহানগরীর গুরুত্বপূর্ণ ১৫টি পয়েন্টে ভ্রাম্যমাণ ট্রাক সেলের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। প্রতিটি ট্রাকে ৪শ’ জন করে সাধারণ গ্রাহক টিসিবি কার্ড ছাড়াই সাশ্রয়ী মূল্যে পণ্য কিনতে পারছেন। টিসিবির মাধ্যমে প্রতিদিন সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন।

আজ মঙ্গলবার (১২ মে) সকাল থেকেই নগরীর বিভিন্ন পয়েন্টে টিসিবি ট্রাকের সামনে ছিল গ্রাহকদের দীর্ঘ লাইন। ঈদ উপলক্ষে রংপুর মহানগরীতে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সোমবার দুপুরে কাচারীবাজারস্থ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে কর্মসূচির উদ্বোধন করেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবু সাঈদ, টিসিবি কর্মকর্তা মো. রুবেল সরকার।

টিসিবি সূত্রে জানা যায়, এ কার্যক্রম ২১ মে পর্যন্ত চলবে। প্রতিদিন এসব ট্রাক থেকে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল ৪৮০ টাকা প্যাকেজে বিক্রি করা হবে। প্রত্যেকে সর্বোচ্চ দুই লিটার ভোজ্য তেল প্রতিলিটার ১৩০ টাকা, এক কেজি চিনি ৮০ টাকা এবং দুই কেজি মসুর ডাল প্রতিকেজি ৭০ টাকায় কিনতে পারবেন।

টিসিবি পণ্য কিনে রিকশাচালক আনোয়ার জানান, বাজারের সব পণ্যের মূল্য বাড়তির দিকে। ঈদের আগে বাজার করা নিয়ে টেনশনে ছিলাম। টিসিবির পণ্য পেয়ে অনেকটাই কষ্ট কমে গেছে। টিসিবি রংপুরের কর্মকর্তা মো. রুবেল সরকার বলেন, ট্রাক নগরীর বিভিন্ন পয়েন্টে আসার সাথে সাথেই গ্রাহকদের লাইন লেগে যায়। আমাদের অনেকটাই হিমশিম খেতে হয়। তারপরেও গ্রাহকরা পণ্য পেয়ে খুশি হচ্ছেন।

রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, সরকারের টিসিবি কার্যক্রম খুবই সময়োপযোগী পদক্ষেপ। প্রান্তিক পর্যায়ের গ্রাহকরা উপকৃত হচ্ছেন। টিসিবির কার্যক্রমে কোন গাফিলতি বরদাস্ত করা হবে না। আমরা পুরো বিষয়টি মনিটরিং করছি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/168695