দিনাজপুরের বোচাগঞ্জে কোরবানিযোগ্য বিভিন্ন জাতের ২৯ হাজার ৬শ’ গবাদি পশু প্রস্তুত
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় এ বছর ২৯ হাজার ৬শ’ ৩০টি বিভিন্ন জাতের গবাদিপশু কোরবানির জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু কায়েস বিন আজিজ।
তিনি জানান, এবছর বোচাগঞ্জ উপজেলার ৪ হাজার ৪১২টি খামারে ষাঁড় ৯ হাজার ১০টি, গাভী ২ হাজার ৭৯৮টি, বলদ ৫১০টি, মহিষ ৩টি, ছাগল ১৬ হাজার ৮৮টি, ভেড়া ১ হাজার ২২১টি সর্বমোট ২৯ হাজার ৬৩০টি কোরবানিযোগ্য গবাদি পশু প্রস্তুত রয়েছে। বোচাগঞ্জ উপজেলায় কোরবানির জন্য চাহিদা ২২ হাজার ৫৩৩টি গবাদি পশু। সেক্ষেত্রে চাহিদার অধিক ৭ হাজার ৯৭টি গবাদি পশু উদ্বৃত্ত রয়েছে।
এদিকে ব্যক্তি উদ্যোগে অনেকেই কোরবানির জন্য গবাদিপশু প্রস্তুত করছেন বলে জানা গেছে। এর ফলে বোচাগঞ্জ উপজেলায় যথেষ্ট পরিমাণ কোরবানিযোগ্য গবাদিপশু রয়েছে। বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন খামার ঘুরে দেখা গেছে খামারের মালিকরা প্রায় এক বছর আগ থেকেই কোরবানির জন্য গরু, ছাগল লালন পালন করছেন।
এসব গবাদি পশু ইতোমধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন হাট বাজারে বিক্রয়ের জন্য পাঠানো হচ্ছে। খামারিরা জানান, ছোট জাতের গরুর চাহিদা বেশি। তবে বর্তমান বাজারে গবাদি পশুর দাম বেশি হওয়ায় অনেক ক্রেতাই শেষ পর্যন্ত হাট বাজার ঘুরে তাদের পছন্দের পশু ক্রয় করবেন বলে অনেকেই জানিয়েছেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/168685