মেসির সঙ্গে বিবাদের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মাসচেরানো

মেসির সঙ্গে বিবাদের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মাসচেরানো

স্পোর্টস ডেস্ক : হাভিয়ের মাশ্চেরানোর ইন্টার মায়ামি ছাড়ার ঘটনাটি শুরু থেকেই ছিল আলোচনায়। বেশ চমক দিয়েই গত এপ্রিলের মাঝামাঝি সময়ে কোচের পদ থেকে সরে দাঁড়ান এই আর্জেন্টাইন কিংবদন্তি। এক মাস পর অবশেষে গণমাধ্যমের সামনে এসে নিজের বিদায় এবং লিওনেল মেসিকে ঘিরে ওঠা গুঞ্জন নিয়ে কথা বলেছেন তিনি।

মেক্সিকোতে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হন মাশ্চেরানো। পদত্যাগের সময় তিনি ব্যক্তিগত কারণের কথা বললেও পরে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ‘দ্য অ্যাথলেটিকো’ এক বিস্ফোরক দাবি তোলে। তাদের প্রতিবেদনে বলা হয়, কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ থেকে বিদায়ের পর ড্রেসিংরুমে মেসির সঙ্গে মাশ্চেরানোর উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছিল। সেই ঘটনাই শেষ পর্যন্ত তার সরে দাঁড়ানোর পেছনে বড় কারণ হয়ে ওঠে বলে দাবি করা হয়। তবে মেক্সিকোতে সাংবাদিকদের প্রশ্নের মুখে এ বিষয়ে সরাসরি কিছু বলতে চাননি মাশ্চেরানো। মেসির সঙ্গে সম্পর্ক কেমন ছিল কিংবা অনুশীলনে তাকে কেমন দেখেছেন এমন প্রশ্নে সংক্ষিপ্ত উত্তর দেন তিনি। মাশ্চেরানোর ভাষায়, ‘ভালো, ভালো। ওকে সবসময়ই দারুণ দেখায়।’ কিন্তু মেসির সঙ্গে বিবাদের গুঞ্জন নিয়ে একটি শব্দও উচ্চারণ করেননি সাবেক এই মিডফিল্ডার।

৪১ বছর বয়সী মাশ্চেরানোর অধীনে ২০২৫ মৌসুমে এমএলএস কাপ জিতেছিল ইন্টার মায়ামি। তিনি দায়িত্ব ছাড়ার সময়ও দলটি ইস্টার্ন কনফারেন্সের তৃতীয় স্থানে ছিল। ভবিষ্যতে আবারও এই লিগে কোচিং করানোর আগ্রহের কথাও জানিয়েছেন তিনি। মেক্সিকোর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাশ্চেরানো বলেন, সুযোগ পেলে অবশ্যই আবারও মেজর লিগ সকারে কাজ করতে চান। তার মতে, এটি অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ একটি লিগ। সামনেই ২০২৬ বিশ্বকাপ, যা অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাতে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে নিয়েও আশাবাদী মাশ্চেরানো। তিনি বলেন, দলটি এখন দারুণ ছন্দে আছে এবং সেই কারণেই সমর্থকদের প্রত্যাশাও অনেক বেড়ে গেছে। তার আশা, আর্জেন্টিনা শিরোপা ধরে রাখতে পারবে।

এদিকে মাশ্চেরানোর বিদায়ের পর ইন্টার মায়ামির নতুন কোচ কে হবেন, তা নিয়েও শুরু হয়েছে আলোচনা। সম্ভাব্য উত্তরসূরি হিসেবে উঠে এসেছে কয়েকটি বড় নাম। তাদের মধ্যে আছেন মেসির সাবেক সতীর্থ জাভি হার্নান্দেজ। এছাড়া আলোচনায় রয়েছেন মার্সেলো গ্যালার্দো, হার্নান ক্রেসপো এবং মার্টিন পালেরমোর নামও।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/168616