গুম-খুন, বিচারবহির্ভূত হত্যার অবসান চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
বর্তমান সরকার আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (১১ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়াম-এ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের বিশেষ সম্মেলনে তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা, নিরাপদ সমাজ ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে পেশাদার পুলিশ বাহিনীর বিকল্প নেই।
তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় জনগণের নিরাপত্তা নিশ্চিতে দক্ষ, সৎ ও জবাবদিহিমূলক পুলিশ বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ১৯ দফা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া-র ‘ভিশন ২০৩০’-এর ধারাবাহিকতায় সরকার ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছে বলেও জানান তিনি।
গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করাকে সরকারের অগ্রাধিকার উল্লেখ করে মন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ও রোহিঙ্গা ক্যাম্পে বাংলাদেশ পুলিশের পেশাদারিত্বের প্রশংসা করেন। পাশাপাশি পুলিশ সদস্যদের দাবি-দাওয়া সরকারের সামর্থ্য অনুযায়ী ধাপে ধাপে বাস্তবায়নের আশ্বাস দিয়ে বাহিনীর পারফরম্যান্স আরও বাড়ানোর আহ্বান জানান।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন নাসিমুল গনি ও মনজুর মোর্শেদ চৌধুরী। স্বাগত বক্তব্য দেন মোসলেহ উদ্দিন আহমদ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন মো. আলী হোসেন ফকির।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/168570