বগুড়ার মায়ের দোয়া বেকারিতে অভিযান চালিয়ে ৮০ হাজার টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার: বগুড়া শহরতলীর বারোপুর দক্ষিনপাড়া এলাকাস্থ মায়ের দোয়া বেকারিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে ৮০ হাজার টাকা জরিমানা করেছে। আজ সোমবার (১১ মে) সকাল ১১ টা থেকে বেলা ২টা পর্যন্ত অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনাকালে দেখা যায় উক্ত প্রতিষ্ঠানটি কেক, বিস্কুট, পাউরুটি জাতীয় খাবার তৈরীতে লোক চক্ষুর আড়ালে হ্যাচিং ডিম (অফুটন্ত ডিম) ব্যবহার করছিল,যা অত্যন্ত গর্হিত অপরাধ। এছাড়াও ভাঙা ও নষ্ট ডিম ক্রয় করে পরবর্তীতে ব্যবহার করার উদ্দেশ্যে পলিথিনে ভরে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে দেখা যায়। এছাড়াও অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী পণ্য তৈরী করতে দেখা যায়।
এর পাশাপাশি অন্য প্রতিষ্ঠানের প্যাকেট ব্যবহার করে ভোক্তাকে প্রতারিত করে যাচ্ছিল প্রতিষ্ঠানটি। এ সব অপরাধে প্রতিষ্ঠানের ম্যানেজার মোঃ পারভেজ বিজয়কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানটিতে নেতৃত্ব প্রদান করেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/168551