এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া হচ্ছে কারিনা কায়সারকে
গুরুতর অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাই নেওয়া হচ্ছে।
আজ সোমবার (১১ মে) বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে নেওয়া হবে বলে জানিয়েছেন তার বাবা, জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ।
মেয়ের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে কায়সার হামিদ বলেন, ‘মাত্রই ভিসা হাতে পেলাম। বিকেলে এয়ার অ্যাম্বুলেন্স তাকে নিতে আসবে। হাসপাতালের বিলের পাশাপাশি এয়ার অ্যাম্বুলেন্সের খরচও অনেক। এখন সবচেয়ে জরুরি বিষয় হলো নিরাপদে তাকে চেন্নাই পৌঁছে চিকিৎসা শুরু করা। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।’
তিনি জানান, চিকিৎসার ব্যয় মেটাতে পরিবারের ফিক্সড ডিপোজিট ভাঙতে হচ্ছে। এমনকি একটি জমি বিক্রির প্রক্রিয়াও চলছে।
পরিবার সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন কারিনা। প্রথমে সাধারণ শারীরিক সমস্যা মনে হলেও পরে অবস্থার দ্রুত অবনতি ঘটে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা জানান, তিনি সংক্রমণ ও হেপাটাইটিস এ–তে আক্রান্ত। আগে থেকেই তার ফ্যাটি লিভারের সমস্যা ছিল। পরিস্থিতি জটিল হয়ে গত শুক্রবার তার লিভার ফেইলিউর হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
বর্তমানে তার রক্তচাপ নিয়ন্ত্রণে থাকলেও শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়নি বলে জানিয়েছেন কায়সার হামিদ।
এর আগে তিনি আরও জানান, পরিবারের জন্য এই চিকিৎসার ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছে। কারণ, তার এক ভাই দীর্ঘদিন ব্রেন ক্যানসারে আক্রান্ত ছিলেন এবং সেই চিকিৎসায় বিপুল অর্থ ব্যয় হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরসাত্মক ও জীবনঘনিষ্ঠ কনটেন্টের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া কারিনা কায়সার সাম্প্রতিক সময়ে অভিনয় ও চিত্রনাট্য লেখার কাজেও নিয়মিত ছিলেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/168480