সুন্দরবনে মধু সংগ্রহে গিয়ে বাঘের হামলায় মৌয়াল আহত
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কাছিকাটা এলাকার পায়রাটুনি খালে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে বাবলু গাজী (৪৮) নামে এক মৌয়াল গুরুতর আহত হয়েছেন। সে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মালেক গাজীর ছেলে। তার অবস্থা আশঙ্কাজনক। বাবলু গাজী সাতক্ষীরা মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ফিরে আসা মৌয়াল ও প্রতিবেশী ইমদাদুল ও উজ্জ্বল জানান, বনবিভাগ থেকে বৈধ পাস নিয়ে রবিবার (১০ মে) সকাল ৮টার দিকে মাঝি ইউসুফ গাজীর নেতৃত্বে একদল মৌয়াল সুন্দরবনের পায়রাটুনি খাল এলাকায় নৌকায় করে মধু আহরণে যান। এ সময় হঠাৎ ঝোপের আড়াল থেকে একটি রয়েল বেঙ্গল টাইগার বেরিয়ে এসে বাবলু গাজীর ওপর আক্রমণ করে রক্তাক্ত জখম করে। এ সময় সঙ্গে থাকা ৪ জন মৌয়াল লাঠি নিয়ে বাঘের ওপরে ঝাঁপিয়ে পড়ে তাকে উদ্ধার করে। আহত বাবলু গাজীকে উদ্ধার করে উপকূলে নিয়ে আসতে প্রায় ১৬ ঘণ্টা সময় লাগে। এ সময় তার শরীর থেকে প্রচুর পরিমাণ রক্তক্ষরণ হয়েছে। পরে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তার অবস্থা আশঙ্কাজনক।
সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক জানান, ৬ মে পারমিট নিয়ে ১০ জন মৌয়াল বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে সুন্দরবনে মধু সংগ্রহে যান। এরপর বাঘের আক্রমণের কবলে পড়েন মৌয়াল বাবলু গাজী।
এ ঘটনায় স্থানীয় মৌয়ালদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সুন্দরবনে প্রবেশের সময় নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে বলা হলেও মৌয়াল ও জেলে বাওয়ালিদের অসচেতনতা ও খামখেয়ালিপনার কারণে বাঘের কবলে পড়ে। আক্রমণের শিকার হয়ে প্রায় সময় হতাহতের ঘটনা ঘটছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে বন বিভাগের লোক পাঠিয়ে আহত মৌয়াল বাবলু গাজীর চিকিৎসার খোঁজখবর নেওয়া হয়েছে।