নোয়াখালী বেগমগঞ্জে জামায়াত কর্মী গুলিবিদ্ধ

নোয়াখালী বেগমগঞ্জে জামায়াত কর্মী গুলিবিদ্ধ

নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তের গুলিতে মাইনুল ইসলাম মাহিন (২৫) নামে এক জামায়াত কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। আহত অবস্থায় তাকে প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গতকাল রোববার (১০ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের আইয়ুবপুর গ্রামের ছাদু নেতার বাড়ি সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।গুলিবিদ্ধ মাহিন ওই গ্রামের আবুল হোসেনের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে মাহিন বাড়ির সামনে বন্ধুদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় সিএনজিচালিত অটোরিকশায় করে মুখ ঢাকা অবস্থায় ৪-৫ জন দুর্বৃত্ত সেখানে আসে। তারা টর্চলাইট জ্বালিয়ে মাহিনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। প্রথম গুলি তার পায়ে লাগে। তিনি মাটিতে পড়ে গেলে আরও একটি গুলি করা হয়। এরপর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী শাইখুল আরেফিন শিহাব বলেন, আমরা রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিলাম। হঠাৎ কয়েকজন অটোরিকশায় এসে গুলি করে দ্রুত চলে যায়। তাদের মুখ কাপড় দিয়ে বাঁধা ছিল।

এ ঘটনায় বেগমগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো.আবু জাহেদ বলেন, গুলিবিদ্ধ মাহিন আগে ছাত্রশিবিরের কর্মী ছিলেন। এখন তিনি জামায়াত কর্মী হিসেবে দলের কাজ করছেন। তবে কি কারনে কারা এ ঘটনা ঘটিয়েছে, তাৎক্ষনিক তা জানা যায়নি। তিনি বলেন, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, আহত অবস্থায় মাহিনকে হাসপাতালে আনা হলে তার অবস্থা গুরুতর থাকায় তাকে ঢাকায় পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে বেগমগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে এলজির একটি কার্তুজের খোসা উদ্ধার করে পুলিশ।তিনি আরও বলেন,  স্থানীয়দের সাথে কথা বলে প্রাথমিকভাবে জানা গেছে, আহত যুবক বিদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এ ঘটনার সঙ্গে জড়িত হামলাকারীদের শনাক্তের চেষ্টায় তদন্ত চলছে বলে জানান তিনি ।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/168459