প্রিমিয়ার লিগ শিরোপার আরও কাছে আর্সেনাল

প্রিমিয়ার লিগ শিরোপার আরও কাছে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক : নাটকীয় ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের পথে বড় বাধা পেরিয়ে গেল আর্সেনাল। এই জয়ে ম্যানচেস্টার সিটির থেকে পাঁচ পয়েন্ট এগিয়ে মিকেল আর্তেতার দল।

রোববার (১০ মে) রাতে লন্ডন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে অনেকটা সময় চাপে ছিল আর্সেনাল। তবে ম্যাচের ৮৩তম মিনিটে লিয়ান্দ্রো ট্রোসারের গোলে জয় নিশ্চিত হয় সফরকারীদের। মার্টিন ওডেগার্ডের পাস থেকে নিচু শটে বল জালে জড়ান ট্রোসার্ড। সেই গোলেই উল্লাসে মাতে আর্সেনাল সমর্থকেরা। এই জয়ে ৩৬ ম্যাচে আর্সেনালের সংগ্রহ দাঁড়িয়েছে ৭৯ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৭৪। ফলে শিরোপা লড়াইয়ে নতুন করে চাপে পড়ে গেছে পেপ গার্দিওলার দল। ২০০৪ সালের পর প্রথমবারের মতো লিগ শিরোপা জয়ের স্বপ্ন এখন আরও উজ্জ্বল আর্সেনালের সামনে। শেষ দুই ম্যাচে বার্নলি ও ক্রিস্টাল প্যালেসকে হারাতে পারলেই চ্যাম্পিয়ন হবে উত্তর লন্ডনের ক্লাবটি। 

তবে শেষ মুহূর্তে বড় ধাক্কা খাওয়ার শঙ্কায় পড়েছিল আর্সেনাল। যোগ করা সময়ে বদলি খেলোয়াড় ক্যালাম উইলসন বল জালে পাঠালে আনন্দে ফেটে পড়ে ওয়েস্ট হ্যামের সমর্থকেরা। কিন্তু দীর্ঘ সময় ভিডিও সহকারী রেফারির পর্যালোচনার পর গোলটি বাতিল করা হয়। কর্নার কিক থেকে তৈরি হওয়া সেই আক্রমণে গোলরক্ষক ম্যাডস হারমানসেনও উঠে এসেছিলেন সামনে। পরে বল পেয়ে জোরালো শটে গোল করেন উইলসন। কিন্তু ভিডিও রিপ্লেতে দেখা যায়, গোল হওয়ার আগে ওয়েস্ট হ্যামের বদলি খেলোয়াড় পাবলো আর্সেনালের গোলরক্ষক ডেভিড রায়াকে ফাউল করেছিলেন। পরে রেফারি ক্রিস কাভানাহ গোল বাতিলের সিদ্ধান্ত দেন।

অন্যদিকে, এই হারে অবনমনের শঙ্কা আরও বেড়েছে ওয়েস্ট হ্যামের। দুই ম্যাচ বাকি থাকতে দলটি এখন বিপজ্জনক অবস্থানে। সোমবার টটেনহ্যাম যদি লিডস ইউনাইটেডকে হারায়, তাহলে নিরাপদ অঞ্চল থেকে আরও পিছিয়ে পড়বে ওয়েস্ট হ্যাম।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/168457