আনন্দঅশ্রু এবং হাতে ট্রফি-ফ্লিকের অবিস্মরণীয় দিন
স্পোর্টস ডেস্ক: জীবনের সবচেয়ে কঠিন এক সকাল। আর সেই দিনের রাতেই ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় সাফল্য। হানসি ফ্লিক-এর জন্য ১১ মে হয়তো চিরকালই থেকে যাবে আনন্দ আর বেদনার মিশ্র এক স্মৃতি হয়ে।
বার্সেলোনা যখন রিয়াল মাদ্রিদ-এর বিপক্ষে এল ক্লাসিকোর শেষ প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই বাবার মৃত্যুর খবর পান ফ্লিক। যেকোনো মানুষের জন্য যা ভেঙে পড়ার মতো মুহূর্ত, সেই শোক বুকে নিয়েই দলের পাশে থাকার সিদ্ধান্ত নেন জার্মান এই কোচ। বার্সেলোনা ছাড়েননি, দাঁড়িয়েছিলেন ডাগআউটে। আর রাত শেষে তার দলই জিতল লা লিগার শিরোপা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের অনুভূতি লুকাতে পারেননি ফ্লিক। কণ্ঠে ছিল শোক, চোখে ছিল কৃতজ্ঞতা। তিনি বলেন, “কঠিন একটা দিন গেল। এর শুরু হয়েছিল সকালে, আর হ্যাঁ, এই দিনটা কখনো ভুলব না। আজ সকালে আমার মা ফোন করে জানাল, আমার বাবা মারা গেছে। তখন আমি ভাবছিলাম: আমার কি এটা লুকানো উচিত নাকি আমার দলের সঙ্গে কথা বলা উচিত? কারণ আমার কাছে ওরা একটা পরিবারের মতো।”শেষ পর্যন্ত খেলোয়াড়দের সবকিছু খুলে বলেন ফ্লিক। এরপর যা দেখেছেন, তা তাকে গভীরভাবে নাড়া দিয়েছে, “আমি বললাম, না এই কথাটা খেলোয়াড়দের জানিয়ে দেই। তারপর তারা যা করল সেটা ছিল অবিশ্বাস্য। আমি এই মুহূর্ত কখনো ভুলব না। আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই, সবকিছুর জন্য ধন্যবাদ, সত্যিকারের লড়াই করার জন্য ধন্যবাদ। আমি সবকিছুর জন্য সত্যিই কৃতজ্ঞ। এটা আমার পরিবারের মতো।”

শোকের দিনটিকে আরও স্মরণীয় করে তুলেছে মার্কাস রাশফোর্ড ও ফেরান তোরেস-এর গোল। তাদের দুই গোলেই ২-০ ব্যবধানে রিয়ালকে হারিয়ে টানা দ্বিতীয় লা লিগা শিরোপা জিতে নেয় বার্সা। ক্লাব ইতিহাসের ২৯তম লিগ ট্রফিও এটি।
ফ্লিকের প্রয়াত বাবার প্রতি সম্মান জানিয়ে দুই দলের খেলোয়াড়রাই কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন। ম্যাচ শুরুর আগে পালন করা হয় এক মিনিট নীরবতা। গোলের পর বার্সা ফুটবলারদের উদযাপনেও ছিল বাড়তি আবেগ। শিরোপা নিশ্চিত হওয়ার পর খেলোয়াড়রা ফ্লিককে শূন্যে তুলে উদযাপন করেন। এমন ভালোবাসায় অভিভূত হয়ে পড়েন বার্সা কোচ, “আমি আগে কখনো (আজকের মতো ভালোবাসা) পাইনি। এটা অসাধারণ।”২০২৪ সালে বার্সার দায়িত্ব নেওয়ার পর থেকেই দলটিকে বদলে দিয়েছেন ফ্লিক। তার অধীনে ছয়টি ঘরোয়া শিরোপার মধ্যে পাঁচটিই জিতেছে কাতালানরা। তবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন এখনো অপূর্ণ। সেটিকেই সামনে রেখে এগোতে চান তিনি।
ফ্লিক বলেন, “আমরা এই ক্লাবের জন্য আরও বেশি দিতে চাই। আমরা পরের লেভেলে যেতে চাই। আমি জানি বার্সেলোনায় সবাই চ্যাম্পিয়ন্স লিগ জিততে চায়। আশা করি আমরা সেই লক্ষ্য অর্জন করব। আমি সবসময় এটাই চাই, স্বপ্নের জন্য লড়াই করা। আমাদের আরও অনেক স্বপ্ন আছে।”
লা লিগায় এখন বার্সার সামনে নতুন লক্ষ্য ১০০ পয়েন্ট। বাকি তিন ম্যাচ জিততে পারলে সেই মাইলফলক ছুঁতে পারবে তারা। ফ্লিকও তাকিয়ে আছেন সেদিকেই, “আমরা ১০০ পয়েন্টে পৌঁছাতে চাই। এখনো সম্ভব এটা, আমাদের পরের লক্ষ্য এটি।”
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/168440