বগুড়ায় ‘হ্যাচিং ডিমে’ বেকারি পণ্য তৈরির অভিযোগে ২ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ‘হ্যাচিং ডিমে’ বেকারি পণ্য তৈরির অভিযোগে ২ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের চারমাথা এলাকায় একটি বেকারিতে অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। কেক, বিস্কুট ও পাউরুটি তৈরিতে হ্যাচিং ডিম (যে ডিম থেকে বাচ্চা ফোটে না) ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়।

আজ রোববার (১০ মে) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত যৌথভাবে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান এবং জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল।

জেলা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে। অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, সংশ্লিষ্ট বেকারিটিতে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন করা হচ্ছিল। বিশেষ করে কেক ও বিস্কুট তৈরিতে তারা হ্যাচিং ডিম ব্যবহার করছিল, যা জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ।

এছাড়া প্রতিষ্ঠানটি পণ্যের প্যাকেটে অগ্রিম উৎপাদন তারিখ ব্যবহার এবং অন্য নামী প্রতিষ্ঠানের প্যাকেট ব্যবহার করে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে আসছিল। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানের মালিক মো. নাজমুস সাকিবকে নগদ ২ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তাকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/168426