বগুড়ার শেরপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত

বগুড়ার শেরপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জাহাঙ্গীর আলম (৪৭) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তিনি উপজেলার সুঘাট ইউনিয়নের চককল্যাণী গ্রামের বিজয়সাগর এলাকার মৃত মাজেম উদ্দিনের ছেলে। আজ রোববার (১০ মে) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের ঢাকা-বগুড়া মহাসড়কের হাওয়াখানা নামক এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর আলম মোটরসাইকেলযোগে শেরপুর শহর থেকে প্রয়োজনীয় কাজ শেষে নিজ বাড়িতে ফিরছিলেন। ফেরার পথে হাওয়াখানা এলাকায় মহাসড়কের বিভাজকের ফাঁকা অংশ দিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন তিনি। এসময় ঢাকা অভিমুখী একটি দ্রুতগামী একটি ট্রাক (বগুড়া-ড-১১-২১৪২) তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে জাহাঙ্গীর আলম মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কের ওপর পড়েন।

ট্রাকটির পেছনের চাকা তার মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় জনতা ধাওয়া করে ট্রাকটি আটক করে।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রইছ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/168410