নাটোরের লালপুরে দুই বিদেশি পর্যটক টিকটকারদের হেনস্তার শিকার, আটক ২

নাটোরের লালপুরে দুই বিদেশি পর্যটক টিকটকারদের হেনস্তার শিকার, আটক ২

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরের গ্রিনভ্যালি পার্কে ঘুরতে এসে টিকটকারদের হাতে দুই বিদেশি পর্যটক হেনস্তার শিকার হওয়ার অভিযোগ উঠেছে। এঘটনায় আজ রোববার (১০ মে) দুইজনকে আটক করেছে লালপুর থানা পুলিশ।

এর আগে গত শুক্রবার দুপুরে নাটোরের লালপুর উপজেলার গ্রিনভ্যালি পার্কে এ ঘটনাটি ঘটে। তার একটি ভিডিও গতকাল শনিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে পার্কের ম্যানেজার বাদি হয়ে লালপুর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেন।

আটককৃতরা হলো- রাজশাহী জেলার মোহনপুর উপজেলার হরিদাগাছি এলাকার মো: তমির উদ্দিনের ছেলে মো: আমিনুল ইসলাম(২৯) ও রাজশাহীর তানোর উপজেলার আড়াদিঘি এলাকার মো: আয়েন উদ্দিনের ছেলে রাসেল ইসলাম (২৩)।

পুলিশ জানায়, গত ৮ মে মোহাম্মদ সাধু নামের এক ব্যক্তি গ্রিনভ্যালি পার্কে টিকটক বন্ধু মিলন মেলা-২০২৬ ব্যানারে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। পরে বেলা ২টায় রূপপুর পারমাণবিক প্রজেক্টে কর্মরত দুইজন বিদেশি নাগরিক পার্কে যাওয়ার সময় টিকটক বন্ধু মিলন মেলার ১০-১৫ জন টিকটকার তাদের ঘিরে বিভিন্ন ধরণের অশ্লীল ভাষা প্রয়োগ করে এবং ভিডিও ধারণ করে। বিষয়টি জানতে পেরে পার্কের ম্যানেজার এসএম ওয়াজেদুর রহমানসহ অন্যান্য কর্মচারীরা তাদের ওপর ক্ষিপ্ত হয়।

পরে গতকাল শনিবার সকালে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার হলে তা মুুহূর্তে ভাইরাল হয়। এতে দেখা যায়, ভিডিওতে উপস্থিত কয়েকজনের আচরণ বিব্রতকর ও অশোভন। পরে নেটিজেনদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

গ্রিনভ্যালি পার্কের পরিচালক (প্রশাসন) এসএম শামসুজ্জোহা বলেন, গত আট বছরে এখানে এমন কখনো হয়নি। হঠাৎ এ ধরণের ঘটনায় কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করছে। বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ সচেষ্ট থাকবে।

লালপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় পার্কের ম্যানেজার বাদি হয়ে লালপুর থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা দায়ের করেছে। পুলিশ অভিযান চালিয়ে দু’জনকে আটক করেছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের চিহ্নিতকরণ ও গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/168403