কুড়িগ্রামের রাজারহাটে কচুরিপানার ফুলে ঢেকে গেছে জলাশয়গুলো
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিভিন্ন খাল-বিল, ডোবা ও জলাশয়ে এখন যেন প্রকৃতির এক অপূর্ব সাজ। সবুজের বুকে সাদা, বেগুনি আর হালকা গোলাপি রঙের আভা প্রকৃতিকে করেছে আরও মোহময়। উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চায়না বাজার সংলগ্ন রাস্তার পাশের মুক্ত জলাশয়ে এই নয়নাভিরাম দৃশ্য মুগ্ধ করে সকলকে।
শুধু চায়নাবাজার এলাকা নয়, উপজেলার প্রায় সব খাল, বিল ডোবা ও বদ্ধ জলাশয়ে কচুরিপানার ফুলের দৃশ্য চোখে পড়ার মতো। এর বৈজ্ঞানিক নাম আইকর্নিয়া ক্র্যাসিপস। চকচকে সবুজ ডিম্বাকৃতির পাতার উপর ভেসে থাকা কচুরিপানার একেকটি কান্ডে ছয় পাপড়ির ফুলের থোকা ফুটে থাকে। এ উদ্ভিদ খুব দ্রুত বংশবিস্তার করে এবং প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
দেশীয় মাছের বংশবৃদ্ধিতে সহায়ক হওয়া ছাড়াও জলাশয়ের পানি ঠান্ডা রাখতে সাহায্য করে এই ভাসমান উদ্ভিদ। কিছু মাছ এটিকে খাদ্য হিসেবেও গ্রহণ করে। এছাড়া কচুরিপানা থেকে তৈরি জৈব সার কৃষিকাজে রাসায়নিক সারের বিকল্প হিসেবে ব্যবহৃত হচ্ছে। পানির উপর কচুরিপানা স্তুপ করে তার ওপর সবজি চাষের পদ্ধতিও গ্রামাঞ্চলে জনপ্রিয় হয়ে উঠেছে। পাশাপাশি এটি গবাদিপশুর খাদ্য হিসেবেও ব্যবহৃত হয়।
জলাশয়ে ফুটে থাকা এসব ফুল শুধু প্রকৃতির সৌন্দর্যই বাড়াচ্ছে না, বরং মানুষকে দিচ্ছে নির্মল আনন্দ। বিশেষ করে শিশুদের কাছে কচুরিপানার ফুল হয়ে উঠেছে খেলনার মতো প্রিয়। কিশোর-কিশোরীরা এই ফুলের ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে, যা ছড়িয়ে দিচ্ছে প্রকৃতির সৌন্দর্যের বার্তা।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ বলেন, গ্রামীণ প্রকৃতির এই স্বতঃস্ফূর্ত সৌন্দর্য মানুষের মননে গভীর প্রভাব ফেলে। এটি আমাদের সংস্কৃতি ও অনুভূতির অংশ। ফুলপ্রেমী ৯ম শ্রেণির ছাত্রী শিখা রায় বলেন, মুক্ত জলাশয়ে একসাথে এত ফুল ফুটে থাকার সৌন্দর্য অন্য কোনো ফুলে পাওয়া যায় না।
রাজারহাট উপজেলা কৃষি অফিসার সাইফুন্নাহার সাথী বলেন, কচুরিপানা একটি ভাসমান উদ্ভিদ। এর জৈব সার ফসলের জন্য অত্যন্ত উপকারী এবং পরিবেশবান্ধব কৃষিতে এর ব্যবহার দিন দিন বাড়ছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/168368