হাইকোর্টে ইসকন নেতা চিন্ময় দাসের জামিন নামঞ্জুর
মফস্বল ডেস্ক: চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দেননি হাইকোর্ট। রোববার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চ আইনজীবী আলিফ হত্যা মামলায় ইসকন নেতা চিন্ময় দাসের জামিন নামঞ্জুর করেছেন।
সেই সঙ্গে চিন্ময় দাসের বিরুদ্ধে থাকা বাকি চার মামলার জামিন প্রশ্নে আদেশের জন্য আগামীকাল সোমবার দিন ধার্য করেছেন আদালত।
এর আগে ৭ মে হত্যা-সহ পৃথক পাঁচটি মামলায় ইসকন নেতা চিন্ময় দাসের জামিন প্রশ্নে জারি করা রুলের ওপর শুনানি শেষ হয়। পরে মামলাগুলোয় তার জামিনের বিষয়ে আদেশের জন্য রোববার দিন ধার্য করেছিলেন আদালত। ওইদিন আদালতে চিন্ময় দাসের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য।
জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গত বছরের ৩০ এপ্রিল হাইকোর্টে জামিন মঞ্জুরের পর চিন্ময় কৃষ্ণ দাসকে এই পাঁচ মামলায় গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে গত বছরের ১ সেপ্টেম্বর এসব মামলায় তার জামিন প্রশ্নে রুল দেন হাইকোর্ট।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৩১ অক্টোবর চট্টগ্রাম নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে মামলা করেন। ওই মামলায় একই বছরের ২৫ নভেম্বর চিন্ময় কৃষ্ণসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হলে তার অনুসারীদের হট্টগোলের প্রেক্ষাপটে ২০২৫ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষ হয়। ওই সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে প্রকাশ্যে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/168322