ছাত্রীসংস্থার গুপ্ত কর্মীদের ইন্ধনে ইডেন কলেজে মব সৃষ্টি করা হয়েছে: নাছির

ছাত্রীসংস্থার গুপ্ত কর্মীদের ইন্ধনে ইডেন কলেজে মব সৃষ্টি করা হয়েছে: নাছির

নাছির উদ্দীন নাছির অভিযোগ করেছেন, ইডেন মহিলা কলেজ-এ ছাত্রদলের নেত্রীদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে ‘মব’ সৃষ্টি করা হয়েছে। তার দাবি, ছাত্রীসংস্থার ‘গুপ্ত কর্মীদের ইন্ধনে’ এ পরিস্থিতি তৈরি করা হয়েছে এবং এর মাধ্যমে ছাত্ররাজনীতি বন্ধের অপচেষ্টা চলছে।

শনিবার (৯ মে) দিবাগত রাত ১টা ১৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বলেন, রাজনৈতিক কর্মকাণ্ড ও মতপ্রকাশ শিক্ষার্থীদের মৌলিক অধিকার। কিন্তু একটি গোষ্ঠী বিভিন্ন ক্যাম্পাসে মব সৃষ্টি করে ছাত্ররাজনীতি বাধাগ্রস্ত করছে।

পোস্টে তিনি অভিযোগ করেন, এর আগেও শিবিরের ‘গুপ্ত শাখার কর্মীরা’ বিভিন্ন ক্যাম্পাসে একই কৌশলে ছাত্ররাজনীতি বন্ধের চেষ্টা করেছে। উদাহরণ হিসেবে তিতুমীর কলেজের একটি ঘটনার কথা তুলে ধরে তিনি বলেন, সেখানে রাতের বেলা গেট ভেঙে ছাত্রদলের নেত্রীদের হেনস্তা করা হয়েছিল এবং পরে জড়িত একজন শিবির নেতা হিসেবে পরিচিত হন।

ইডেন কলেজের বর্তমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে নাছির উদ্দীন বলেন, ছাত্রদল ও অন্যান্য রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের হেনস্তা করা হচ্ছে, এমনকি ছাত্রীদের হল থেকেও বের করে দেওয়া হচ্ছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘মব সন্ত্রাস’ ও হয়রানি বন্ধ না হলে ছাত্রদল কঠোর প্রতিরোধ গড়ে তুলবে। পাশাপাশি কলেজ প্রশাসনের প্রতি শিক্ষার্থীদের রাজনৈতিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/168308