বগুড়ার সারিয়াকান্দিতে ২ ছেলেকে এতিম করে বাবার আত্মহত্যা

বগুড়ার সারিয়াকান্দিতে ২ ছেলেকে এতিম করে বাবার আত্মহত্যা

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়া সারিয়াকান্দিতে সুরুজ মিয়া (৩৬) নামের একজন ব্যবসায়ী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সুরুজ মিয়ার ২ ছেলে রয়েছে, তার বউয়ের সাথে আগেই ছাড়াছাড়ি হওয়ায় ছেলে দুটি একেবারেই এতিম হয়েছে। আজ শনিবার (৯ মে) সকাল ১১ টার দিকে উপজেলার পৌর এলাকার উত্তর হিন্দুকান্দি গ্রামের তিনকানি পুকুর এলাকায় এ ঘটনা ঘটেছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত কয়েকবছর আগে উপজেলার পৌর এলাকার উত্তর হিন্দুকান্দি গ্রামের মৃত অমির উদ্দিনের ছেলে সুরুজ মিয়ার সাথে সদর ইউনিয়নের অন্তারপাড়া গ্রামের শারমিন আক্তারের বিয়ে হয়। বিয়ের পরে তাদের ঘরে সামিউল ইসলাম (৭) এবং সাব্বির হোসেন (৬) নামের দুজন ছেলে সন্তানের জন্ম হয়। এরপর তাদের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়।

পারিবারিক কলহের জেরে গত দেড় বছর আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। বিবাহ বিচ্ছেদের পর সামিউল এবং সাব্বির দুইভাই তার বাবার সাথে দাদার বাড়িতেই অবস্থান করতো। এমতাবস্থায় গত শনিবার সকাল ১১ টার দিকে সুরুজ বাড়ির সবার অজান্তেই তার নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। সুরুজের মা প্রথমে বিষয়টি বুঝতে পেরে ঘরে ঢুকে বটি দিয়ে গলার রশি কেটে তাকে খাটের ওপর নামিয়ে নিয়ে আসে। পরে তার চিকিৎকারে আশেপাশের লোকজন ঘরে এসে দেখে সুরুজ আগেই মারা গেছেন।

পরে সারিয়াকান্দি থানার পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। সুরুজের মা বলেন, আমি আমার নাতিদের নিয়ে বাড়ির বাইরে গিয়েছিলাম। এ সুযোগে আমার ছেলে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। একদিকে আমি ছেলেহারা হলাম এবং অপরদিকে আমার নাতিগুলো একেবারে এতিম হয়ে গেল।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আসাদুজ্জামান বলেন, আমাদের থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনও অভিযোগ না থাকায় লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে সারিয়াকান্দি থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/168278