বগুড়ার শাজাহানপুরে শ্বশুর বাড়ি থেকে গরু-ছাগল লুটসহ হত্যার হুমকি

বগুড়ার শাজাহানপুরে শ্বশুর বাড়ি থেকে গরু-ছাগল লুটসহ হত্যার হুমকি

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: জামাইয়ের সাথে দেনা পাওনার জের ধরে বগুড়ার শাজাহানপুরে শশুর বাড়ি থেকে গরু-ছাগল নিয়ে যাওয়াসহ হত্যার হুমকি দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার খরনা ইউনিয়নের জামহাটা মধ্যপাড়া গ্রামে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে গতকাল শুক্রবার শাজাহানপুর থানায় ১৫ ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।

অভিযোগ সূত্রে জানা গেছে, জামহাটা মধ্যপাড়া গ্রামের রড মিস্ত্রি আবু তালেব ওরফে মোতালেব (৪৯) এর মেয়ে জামাই সালমান (২৮) বগুড়া শহরের সেউজগাড়ী কাল্যার বাজার এলাকায় দোকান ভাড়া নিয়ে ইজিবাইক সার্ভিসিং এবং অটো কেনা বেচার ব্যবসা করতো। সে সুবাদে স্ত্রী সন্তান নিয়ে সেউজগাড়ী এলাকায় ভাড়া বাসায় বসবাত করতেন।

একপর্যায়ে অটো কেনা-বেচার টাকা লেনদেন নিয়ে অটো গাড়ির মহাজনের সাথে সালমানের দ্বন্দ্ব দেখা দেয়।ওই দ্বন্দ্বের জের ধরে সন্ত্রাসীদের সহায়তায় গত ২১ এপ্রিল সালমানকে দোকান থেকে তুলে নিয়ে গিয়ে মারপিট করে এবং জোরপূর্বক ৫টি নন-জুডিসিয়াল ষ্ট্যাম্প ও ৩টি ব্যাংক চেকে স্বাক্ষর নেয় অটো গাড়ির মহাজন। এরপর থেকে স্ত্রী-সন্তানকে ফেলে রেখে সালমান আত্মগোপনে চলে যায়। নিরুপায় হয়ে আড়াই বছর বয়সী শিশু পুত্র আদিবকে নিয়ে সালমানের স্ত্রী মমতা বেগম গত ১ লা মে নিজ বাবার বাড়ি শাজাহানপুর উপজেলার জামহাটা গ্রামে আশ্রয় নেয়।

কিন্তু গত সোমবার সেখানেও একদল সন্ত্রাসী মোটরসাইকেলের বহর নিয়ে হাজির হয়। সন্ত্রাসীরা সালমানের শ্বশুরের কাছে ৫০ হাজার টাকা দাবি করে। টাকা না দিলে তারা বাড়ি থেকে গরু-ছাগল যা আছে তা নিয়ে যাবে এবং খুন করবে বলে হুমকি দিয়ে চলে যায়।

এমতাবস্থায় আতঙ্কিত পরিবারটি নিরাপত্তা চেয়ে গতকাল শুক্রবার সকালে শাজাহানপুর থানায় মোট ১৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছে। অভিযোগের তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক আবু বকর সিদ্দিক জানান, অভিযোগের বিষয়ে তদন্ত চলমান। তদন্ত শেষে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/168240