মেহেরপুরের বালুভর্তি ট্রলির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিশুর

মেহেরপুরের বালুভর্তি ট্রলির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিশুর

মেহেরপুরের গাংনী উপজেলার করমদি গ্রামের সাবুরপাড়ায় বালুভর্তি ট্রলির চাকায় পিষ্ট হয়ে খামসা খাতুন (৫) নামের এক শিশু নিহত হয়েছে।

আজ শনিবার (৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে বামন্দি-তেতুলবাড়িয়া সড়কের সন্ধানী মোড় সংলগ্ন সাবুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

খামসা ওই গ্রামের ছিট কাপড় ব্যবসায়ী সাজেদুর রহমানের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বামন্দির দিক থেকে যাত্রীবোঝাই এক অটোরিকশা তেতুলবাড়িয়ার দিকে যাচ্ছিল। অটোরিকশার পেছনে বালুভর্তি এক ট্রলি চলছিল। এ সময় রাস্তা পার হওয়ার জন্য খামসা রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। অটোরিকশাটি চলে গেলে শিশুটি দৌড়ে রাস্তা পার হতে গেলে পেছনে থাকা ট্রলিটি তাকে ধাক্কা দেয়। ধাক্কায় শিশুটি রাস্তার ওপর ছিটকে পড়ে গেলে ট্রলির চাকায় তার মাথা পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রলি ও চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।

গাংনী থানার ওসি উত্তম কুমার দাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/168216