সরকার গণভোটের রায় নিয়ে প্রতারণা করছে : গোলাম পরওয়ার

সরকার গণভোটের রায় নিয়ে প্রতারণা করছে : গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার বলেছেন, সরকার গণভোটের রায় নিয়ে প্রতারণা করছে এবং উন্নয়নের ক্ষেত্রে চরম বৈষম্যমূলক আচরণ করছে। একইসঙ্গে গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করে জনমত দমনের অপচেষ্টা চালানো হচ্ছে।শনিবার (৯ মে) সকাল ৯টার দিকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, প্রবাদ আছে, যে যায় লঙ্কায়, সেই হয় রাবণ। বর্তমানে সেটিই বাস্তবে পরিণত হয়েছে। বিএনপি ক্ষমতায় গিয়ে সেই ভূমিকায় অবতীর্ণ হয়েছে। ৭০ ভাগ জনমতকে উপেক্ষা করে তারা প্রতারণায় মেতে উঠেছে।

মিয়া গোলাম পারোয়ার আরও বলেন, তারা শুধু দেশবাসীর সঙ্গেই নয়, নিজেদের সঙ্গেও প্রতারণা করছে। নির্বাচনের আগে তারা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছিল, ভোটও দিয়েছে। এখন জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেও গণভোটের রায় মানছে না। এটি বড় ধরনের প্রতারণা ও জনগণকে বিভ্রান্ত করার শামিল। আমরা সরকারের উন্নয়ন কার্যক্রমের বিরোধিতা করি না, বরং উৎসাহ দিই। তবে, উন্নয়নের ক্ষেত্রে আঞ্চলিকতা কিংবা সরকারদলীয় এমপিদের অগ্রাধিকার দেওয়াকে গ্রহণযোগ্য মনে করি না। উন্নয়ন হতে হবে ন্যায্যতা ও সাম্যের ভিত্তিতে। তিনি বলেন, বিএনপির নির্বাচিত প্রতিনিধিদের এলাকায় একযোগে সিটি করপোরেশন, নতুন উপজেলা, বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। অথচ জাতীয় ও আঞ্চলিক গুরুত্ব বিবেচনায় এসব উন্নয়ন ভিন্ন ভিন্ন এলাকায় হওয়া উচিত। সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করাই সবচেয়ে যৌক্তিক। এটি উত্তরাঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বৃহত্তর রংপুর দিনাজপুর অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি এটি। 

এ সময় নীলফামারী ৪ আসনের সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম এবং জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনিরুজ্জামান জুয়েল, সৈয়দপুর উপজেলা আমির শফিকুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/168177