হাতাহাতির জন্য লঘু শাস্তি পেলেন ভালভার্দে ও চুয়ামেনি
স্পোর্টস ডেস্ক : অনুশীলনে মারামারির ঘটনায় দলের দুই মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দে ও অরেলিয়ান চুয়ামেনিকে ৫ লাখ ইউরো (প্রায় সাড়ে ৬ কোটি টাকা) করে জরিমানা করেছে রিয়াল মাদ্রিদ। সেই হিসেবে দুই তারকাকে লঘু শাস্তি দিয়েছে রোজি ব্লাঙ্কোজরা।
শুক্রবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে ভালভার্দে ও চুয়ামেনিকে জরিমানার বিষয়টি জানিয়েছে রিয়াল।
বৃহস্পতিবার এক বিবৃতিতে রিয়াল জানিয়েছিল, অনুশীলন চলাকালীন ঘটা অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে ভালভার্দে এবং চুয়ামেনির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্লাবের অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়া শেষ হওয়া মাত্রই দুই খেলোয়াড়ের বিষয়ে নেওয়া চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।
এদিকে, হাতাহাতির ঘটনায় মাথায় আঘাত পেয়েছেন ভালভার্দে। হাসপাতাল থেকে ফিরে এক দীর্ঘ বিবৃতিতে নিজের দায় স্বীকার করেছেন ভালভার্দে। প্রতিযোগিতার ক্লান্তি এবং দলের নাজুক পরিস্থিতির হতাশা থেকে এই ঝামেলার সূত্রপাত বলে জানান তিনি।
সতীর্থের হাতে সরাসরি আঘাত পাওয়ার বিষয়টি অস্বীকার করে ভালভার্দে বলেন, তর্কের এক পর্যায়ে আমি দুর্ঘটনাক্রমে একটি টেবিলে আঘাত পাই, যার ফলে কপাল কেটে যায়। চুয়ামেনি আমাকে আঘাত করেনি, আর আমিও তাকে আঘাত করিনি।
শুধুই ফেদেরিকো ভালভার্দে ও অরেলিয়ান চুয়ামেনিই নন। পুরো রিয়াল যেন অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। এক প্রতিবেদনে মার্কা জানিয়েছে, রিয়াল কোচ আলভারো আরবেলোয়ার সঙ্গে দলের প্রায় ছয় খেলোয়াড় কথা বলেন না। এমনকী তারা তাকে আপত্তিকর নামে ডাকছেন বলেও জানা গেছে।
খবর অনুযায়ী, ম্যাচের সময় ডাগআউটে থাকা কিছু খেলোয়াড় আরবেলোয়াকে 'কোন' বলে ডাকছেন, যা স্প্যানিশ ফুটবলে একটি অপমানজনক শব্দ। কোন শব্দের বাংলা অর্থ দাঁড়ায় ট্রাফিক খুঁটি। অর্থাৎ কিছু খেলোয়াড় আরবেলোয়াকে কোচের বদলে ট্রাফিক খুঁটি হিসেবেই ডাকছেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/168165