নওগাঁর রাণীনগরে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে চকলেটের প্রলোভন দেখিয়ে বাড়ি ডেকে নিয়ে ১১ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ২ মে দুপুরে উপজেলার বিলকৃষ্ণপুর এলাকার ধোপাপাড়ায় ঘটনাটি ঘটে। পরে গত বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী শিশুর বাবা বাদি হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করলে রাতেই আসামি আব্দুর রাজ্জাককে(৪০) গ্রেফতার করে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই শিশু স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির ছাত্রী। গত শনিবার স্কুল থেকে দুপুরে টিফিনের বিরতিতে বাড়িতে যায় সে। খাবার খেয়ে আবার স্কুলে ফেরার পথে আব্দুর রাজ্জাক শিশুটিকে চকলেটের প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে।
ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাটি গত সোমবার জানাজানি হয়। পরে এলাকার কতিপয়মাতব্বররা গ্রাম্য শালিসের মাধ্যমে অর্থের বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায়। তবে গত বৃহস্পতিবার রাতে পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়।
থানার ওসি মো. জাকারিয়া মন্ডল জানান, মামলার প্রেক্ষিতে রাতেই পুলিশ অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করেছে। আজ শুক্রবার (৮ মে) সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। আর শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/168151