কুড়িগ্রামে অনিয়মিত প্রশ্নে পরীক্ষার্থীর মাঝে চরম উদ্বেগ
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে এসএসসি পরীক্ষার একটি কেন্দ্রে নিয়মিত পরীক্ষার্থীর কাছে ভুলবশত অনিয়মিত পরীক্ষার্থীর প্রশ্নপত্র দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও তার অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে।
ভুক্তভোগী শিক্ষার্থী মো. মালেক মিয়া জানান, গতকাল বৃহস্পতিবার সকাল ১০ থেকে সাড়ে ১০টা পর্যন্ত রাজারহাট বিএল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ১০নং কক্ষে ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের এমসিকিউ (বহুনির্বাচনি) পরীক্ষায় অংশ নেন। তিনি হরিশ্বর তালুক উচ্চ বিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী। পরীক্ষা শেষে বাড়িতে গিয়ে প্রশ্নপত্রের উত্তর মিলানোর সময় তিনি দেখেন তাকে নিয়মিত পরীক্ষার্থীর পরিবর্তে অনিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্নপত্র দেওয়া হয়েছিল।
বিষয়টি বুঝতে পেরে তিনি দ্রুত কেন্দ্র সচিবকে অবহিত করেন। পরে কেন্দ্র সচিব তাকে আগামী রোববার কেন্দ্রে এসে দেখা করতে বলেন। শিক্ষার্থী মো. মালেক মিয়া আরও বলেন, বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে। তারা এ বিষয়ে প্রয়োজনীয় সুপারিশ করার আশ্বাস দিয়েছেন।
এ বিষয়ে কেন্দ্র সচিব শফিকুল ইসলাম বলেন, ওই শিক্ষার্থী আমাকে সরাসরি জানায়নি। পরে তার বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকেলে বিষয়টি অবহিত করেন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং কেন্দ্র সচিব যৌথভাবে শিক্ষা বোর্ডে সুপারিশ করলে পরীক্ষাটি বহাল থাকার সুযোগ রয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/168136