সরকার অনুমোদিত চ্যানেলের মাধ্যমে হজের অনুমতিপত্র (পারমিট) নেওয়া এবং হজসংক্রান্ত সব বিধিবিধান প্রতিপালনের আহ্বান জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের নির্দেশনার বরাত দিয়ে মন্ত্রণালয় বলেছে, কেবল বৈধ হজ ভিসা ও অনুমোদিত প্রক্রিয়ার মাধ্যমেই হজ পালন করতে হবে; অন্যথায় হজযাত্রীরা আইনি জটিলতায় পড়তে পারেন।
আজ শুক্রবার (৮ মে) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয়ের ভাষ্য, সৌদি মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, কেবল হজ ভিসার মাধ্যমে হজ পালন করা যাবে। এছাড়া, সৌদিতে অবতরণের পর থেকে হজের আনুষ্ঠানিকতা সম্পাদনের শৃঙ্খলা নিশ্চিত করার জন্য অনুমোদিত পদ্ধতিতে দাপ্তরিক মাধ্যমে অনুমতিপত্র নেওয়ার কথা বলেছে সৌদির এই মন্ত্রণালয়।
অনুমতির শর্ত প্রতিপালনের মাধ্যমে পবিত্র স্থানগুলোতে সকল ধরনের সেবা প্রাপ্তি এবং সমন্বিত ইকোসিস্টেমের মাধ্যমে ভিড় নিয়ন্ত্রণ ও চলাচলের শৃঙ্খলা রক্ষা করে নিরাপত্তা বাড়ানোর বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে। অননুমোদিত মাধ্যমে বা মিথ্যা প্রলোভনে হজের অনুমতিপত্র বা ভিসা প্রক্রিয়াকরণের বিষয়েও সতর্ক করেছে সৌদি কর্তৃপক্ষ।
সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এ ধরনের কার্যক্রম হজযাত্রীদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনে বাধা সৃষ্টি করতে পারে অথবা তাদেরকে আইনি শাস্তির সম্মুখীন করতে পারে। প্রাতিষ্ঠানিক চ্যানেলে হজের অনুমতিপত্র সংগ্রহের ওপর গুরুত্ব আরোপ করে সৌদি মন্ত্রণালয় জানিয়েছে, এই অনুমতিপত্র একটি মসৃণ হজের অভিজ্ঞতা এবং নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে সেবা প্রাপ্তির নিশ্চয়তা দিতে সাহায্য করবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/168075