রাজধানীর সোনারগাঁও মোড় থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার
রাজধানীর কলাবাগান থানার সোনারগাঁও হোটেল মোড় থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স আনুমানিক ৫৬ বছর।
আজ শুক্রবার (৮ মে) ভোরের দিকে সোনারগাঁও হোটেল মোড়ের ট্রাফিক বক্সের সামনে থেকে গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কলাবাগান থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. শাহিন আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ট্রাফিক বক্সের সামনে একজনকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে ঢামেকে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো দ্রুতগতির গাড়ির ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে। পরিচয় শনাক্তে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে জানানো হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/168074