খাগড়াছড়ি রেঞ্জ কার্যালয়ের পুকুর থেকে মরদেহ উদ্ধার
খাগড়াছড়ি শহরের প্রবেশ গেট সংলগ্ন বনবিভাগের রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (০৭ মে) রাত সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার হয়।
মারা যাওয়া ব্যক্তির নাম কৃষ্ণ (৪০)। তিনি খাগড়াছড়ি সদরের শান্তিনগর এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি খাগড়াছড়ি-রাঙ্গামাটি বাস কাউন্টারে যাত্রীদের গাড়িতে তোলার কাজ করতেন। ঘটনার সময় তিনি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তার কোমর থেকে একটি মদের বোতলও উদ্ধার হয়েছে।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কায় কিসলু বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।