স্থানীয় নির্বাচন জোটবদ্ধ হতে পারে : নাহিদ ইসলাম

স্থানীয় নির্বাচন জোটবদ্ধ হতে পারে : নাহিদ ইসলাম

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচনী জোটে থাকলেও ভবিষ্যতে এককভাবে নির্বাচন হবে কি না, তা পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে অন্য দলগুলোর মতো এনসিপিও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।

বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি জানান, স্থানীয় সরকার বা সিটি কর্পোরেশন নির্বাচন জোটবদ্ধভাবে হতে পারে।

জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, বিএনপি সনদ বাস্তবায়নের কথা বললেও সংবিধান সংস্কারের জন্য গণভোটের বিষয়ে স্পষ্ট অবস্থান দিচ্ছে না। তিনি দাবি করেন, সংসদে এনসিপি দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করেছে এবং পুরোনো ধারার মতো সংসদ অকার্যকর করার পথে যায়নি।

তিনি আরও বলেন, বিএনপি জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় বিরোধী দলের পরিসর সংকুচিত হয়েছে। আন্তর্জাতিক যুদ্ধ, জ্বালানি সংকট ও হাম পরিস্থিতির মধ্যে রাজপথে আন্দোলন চায় না এনসিপি। তবে সংসদে সমাধান না এলে আন্দোলন রাজপথে গড়াতে পারে বলেও সতর্ক করেন তিনি।

চট্টগ্রামের রাজনৈতিক কর্মসূচি শেষে নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহসহ এনসিপির নেতারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান ও চাকসু নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে সাংবাদিক সমিতির কার্যালয়ে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং করেন তারা।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/168046