দেশকে এগিয়ে নিতে হলে সুশিক্ষার কোন বিকল্প নেই - মোস্তাফিজুর রহমান এমপি
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বলেছেন, দেশে শিক্ষিত মানুষের অভাব নেই, অভাব শুধু সুশিক্ষিত মানুষের। তাই দেশ ও জাতির উন্নয়নে কাজ করতে হলে বর্তমানে দেশের প্রতিটি শিক্ষাঙ্গণে ভবিষ্যত প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। তাহলেই দেশের রাষ্ট্র থেকে গ্রাম সর্বস্তরে উন্নয়ন ঘটবে। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে সাপাহার সরকারি ডিগ্রি কলেজে অনুষ্ঠিত সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহা: নাজির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ। আরও উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী বেনু, সম্পাদক সারোয়ার জাহান (লাবু) সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান, অনুষ্ঠান পরিচালনা কমিটির সমন্বয়ক কলেজের দর্শন বিভাগের অধ্যাপক এসএম শামীম আল মামুন প্রমুখ।
শেষে কলেজ চত্বরে পুরস্কার বিতরণী ও এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে, বেলা ১১টার দিকে প্রধান অতিথি সাপাহার উপজেলা মৎস্য অধিদপ্তর এর উদ্যোগে ১৫ জন সাপাহার জবই বিল মৎস্যজীবী ও ৫ জন হতদরিদ্র অসহায় বিধবা নারীর মাঝে ২০টি বকনা গরু বিতরণ করেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/168017