প্রথম দেখেই কাকের প্রেমে পড়ে গেছি: ভাবনা
অভিনেত্রী আশনা হাবিব ভাবনা অভিনয়ের পাশাপাশি চিত্রাঙ্কনেও নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন। বিশেষ করে কাককে ঘিরে তার আঁকা ছবি ও ব্যক্তিগত অনুরাগ নিয়ে সামাজিক মাধ্যমে প্রায়ই আলোচনা দেখা যায়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আশনা হাবিব ভাবনা মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার অভিজ্ঞতা এবং কাকের প্রতি তার গভীর ভালোবাসার কথা তুলে ধরেন।
নিজের অভিনীত সিনেমা পায়ল নিয়ে তিনি অংশ নেন মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে। সেখানে লাল গালিচায় দেশীয় সংস্কৃতিকে তুলে ধরতে তিনি বেছে নেন সবুজ বেনারসি গাউন। তবে পোশাকের পাশাপাশি আলোচনায় আসে তার ‘কাক প্রীতি’।
ভাবনা বলেন, ভালোবাসার উৎপত্তি ব্যাখ্যা করে বোঝানো যায় না। পুরান ঢাকায় বেড়ে ওঠার কারণে ছোটবেলায় সবচেয়ে বেশি যে পাখিটি দেখেছেন, সেটি ছিল কাক। আর প্রথম দেখা সেই পাখির প্রেমেই তিনি পড়ে যান।
কাক নিয়ে সামাজিক মাধ্যমে নানা ট্রল ও মন্তব্যের প্রসঙ্গেও কথা বলেন এই অভিনেত্রী। তিনি জানান, কাককে কেন্দ্র করে তিনি ছবি আঁকেন এবং বিদেশের মাটিতেও এই ভালোবাসাকে তুলে ধরেছেন।
তার ভাষায়, আপনারা যে এই ‘কাক কাক’ করেন, আমি চাই বরং তাদের একটু ভালোবাসুন। বারান্দায় একটু খাবার বা পানি দিন।
সমালোচকদের উদ্দেশ্যে ভাবনা বলেন, তিনি প্রতিশোধে বিশ্বাসী নন। সবকিছু তিনি সৃষ্টিকর্তা ও প্রকৃতির ওপর ছেড়ে দেন। তার বিশ্বাস, প্রকৃতির বিচারই সবচেয়ে কঠিন।