ভোলার লালমোহন উপজেলায় গাছ থেকে নারিকেল পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মো. মাসুদ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ছাড়াও সংঘর্ষে উভয় পক্ষের আরও অন্তত ৯ জন আহত হয়েছেন। এ ঘটনায় দায়েরকৃত হত্যা মামলার ৪ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত মাসুদ হাওলাদার লালমোহন পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের চর ছকিনা এলাকার মৃত আলী আজগরের ছেলে।
গ্রেপ্তারকৃতা হলেন- মামলার প্রধান আসামি আক্তার (৪০), রেশমা (৩০), তানভীর (১৮) ও ফিরোজ (৪০)। তারা সকলেই ওই একই এলাকার বাসিন্দা এবং প্রতিবেশী।
আজ বৃহস্পতিবার (৭ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন লালমোহন থানা পুলিশের পরিদর্শক (ওসি-তদন্ত) মো. মাসুদ হাওলাদার।
এর আগে গতকাল বুধবার (৬ মে) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উন্নত চিকিৎসার জন্য লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশাল নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত মাসুদ ও মো.আক্তার উভয়ই একই বাড়ির বাসিন্দা। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার দুপুরে মো. আক্তার তার দলবল নিয়ে মাসুদের জমিতে থাকা একটি নারিকেল গাছ থেকে জোরপূর্বক নারিকেল পাড়ার চেষ্টা করেন। একপর্যায়ে প্রথমে এগিয়ে গিয়ে নিহতের মেয়ে মাসুমা তাদের বাধা দিলে উভয় পক্ষের আরও লোকজন জড়ো হয়ে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের একপর্যায়ে মাসুদসহ তার পরিবারের ৬ জন ও আক্তারের পরিবারের ৩ জন গুরুতর আহত হন।
পরবর্তীতে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা আহতদের উদ্ধার চিকিৎসার জন্য লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। তাদের মধ্য থেকে গুরুতর আহত মাসুদকে উন্নত চিকিৎসার জন্য রাতে বরিশালে নেওয়ার পথে সদর উপজেলার ভেদুরিয়ায় এলাকায় অ্যাম্বুলেন্সের ভেতরে মাসুদ মারা যান। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে নিহতের মেয়ে মাসুমা বাদী হয়ে আক্তারকে প্রধান আসামি করে ১৩ জনের নাম উল্লেখ করে লালমোহন থানায় হত্যা মামলা করেন।
এ বিষয়ে লালমোহন থানা পুলিশের পরিদর্শক (ওসি-তদন্ত) মো. মাসুদ হাওলাদার বলেন, মূলত জমির বিরোধ ও নারিকেল পাড়াকেকেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। নিহতের মেয়ে মাসুমা ১৩ জনকে আসামি করে থানায় মামলা করেছেন। আমরা অভিযান চালিয়ে মামলার প্রধান আসামিসহ ৪ জনকে গ্রেপ্তার করেছি। বাকিদের ধরতে অভিযান চলছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চললাম রয়েছে। এছাড়াও অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/167983