বাংলাদেশে আসার আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ সফরের আগে পাকিস্তানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। বুধবার অজিদের এই সফরের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ২০২২ সালের পর এই প্রথম ওয়ানডে সিরিজ খেলতে পাকিস্তান যাচ্ছে অস্ট্রেলিয়া।
সূচি অনুযায়ী, তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ২৩ মে ইসলামাবাদে পৌঁছাবে অস্ট্রেলিয়া দল। সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩০ মে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। এরপর দুই দিনের বিরতি দিয়ে ২ জুন লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মাঠে গড়াবে দ্বিতীয় ওয়ানডে। ৪ জুন একই মাঠে সিরিজের শেষ লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল। পাকিস্তান সফরের সবকটি ম্যাচই স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় শুরু হবে।
পাকিস্তান সফর শেষ করেই সরাসরি বাংলাদেশে আসবে প্যাট কামিন্সের দল। দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশের মাটিতে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়া। বাংলাদেশে তারা ৩টি ওয়ানডে ও সমানসংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। আগামী ৯ জুন ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে মাঠের লড়াই। সিরিজের বাকি দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ১১ ও ১৪ জুন। ওয়ানডে সিরিজ শেষে ১৭ জুন থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/167978