বগুড়া জেলা জাপা’র সভাপতি জিন্নাহ শ্যোন এ্যারেস্ট : হাজতে প্রেরণ
কোর্ট রিপোর্টার : স্বৈরাচার শেখ হাসিনার পতনের দাবিতে ২০২৪ সালের ৪ আগস্ট দেশব্যাপী বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে গুলি চালিয়ে নিশিন্দারার নয়ন মিয়াকে আহতের অভিযোগে দায়েরকৃত মামলায় জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও বগুড়া জেলা সভাপতি সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহকে পুনঃগ্রেফতার (শ্যোন এ্যারেস্ট) দেখিয়ে হাজতি পরোয়নামূলে কারাগারে প্রেরণ করা হয়েছে। তিনি শিবগঞ্জ উপজেলার মহাস্থানের মৃত আজিমুদ্দিনের ছেলে।
শিবগঞ্জ থানার একটি মামলায় কারাবন্দি ওই আসামির পক্ষে তার আইনজীবী গোলাম দস্তগীর ওই আসামিকে পুনঃগ্রেফতারের আবেদন করলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বগুড়া সদর আমলি আদালতের বিচারক মেহেদী হাসান আজ বুধবার (৬ মে) তার উপস্থিতিতে ওই আদেশ দেন। উল্লেখ্য, দেশব্যাপী বৈষম্যবিরোধী আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনার পতনের এক দফা দাবিতে ২০২৪ এর গত ৪ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে শহরের ঝাউতলায় ছাত্র-জনতার মিছিলে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গুলি, ককটেল বিস্ফোরণসহ ধারালো অস্ত্রের আঘাতে মিছিলকারীদেরকে আহত করে।
এসময় মিছিলে থাকা আন্দেলনকারী শহরের নিশিন্দারা এলাকার পলাশের ছেলে নয়ন মিয়া গুলিবিদ্ধ হয়ে আহত হন। আহত নয়ন মিয়াকে লোকজন উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসার জন্য ভর্তি করেন।
এ ব্যাপারে আহত নয়ন মিয়া বাদি হয়ে বগুড়া সদর থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের বগুড়া জেলা সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এবং ওই আসামি শরিফুল ইসলাম জিন্নাসহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ১৫৫ জন নেতাকর্মীসহ অজ্ঞাতনামা আরো ২০০/২৫০ জনকে আসামি করে এই মামলা দায়ের করেন।