সিরাজগঞ্জে গরুর খামারে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় একটি গরুর খামার থেকে আব্দুল আলীম (৪০) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার চর বড়ধুল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল আলীম ওই গ্রামের মৃত ওমর সরকারের ছেলে।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, আব্দুল আলীম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রায় সাত বছর ধরে তিনি অসুস্থ ছিলেন এবং এর আগেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন। গতকাল মঙ্গলবার দুপুরে খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে যান তিনি।
পরে খবর পাওয়া যায়, উপজেলার সাবেক ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন ঠান্ডুর গরুর খামারের একটি ভবনের রডের সাথে গরুর রশি দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ ঝুলতে দেখা যায়। নিহত আব্দুল আলীম চার মেয়ে সন্তান রেখে গেছেন।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। এব্যাপারে কামারখন্দ থানায় একটি মামলা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/167926