কক্সবাজার লাবনী পয়েন্টে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্ট এলাকায় এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৬ মে) ভোরে হোটেল লাবনী পয়েন্ট মোড়ে, পর্যটন কর্পোরেশনের ড্রিংকস কর্ণারের সামনে ইস্টিশন লাইব্রেরি ও একটি ফাস্টফুড দোকানের ফ্লোর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা যায়, স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে কক্সবাজার সদর মডেল থানা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তা উদ্ধার করে। এরপর ঘটনাস্থল ঘিরে প্রাথমিক তদন্ত শুরু করা হয়।
পুলিশ জানায়, এখনো পর্যন্ত নিহত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তার আনুমানিক বয়স নির্ধারণের চেষ্টা চলছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ ছমি উদ্দিন বলেন, উদ্ধার হওয়া নারীর পরিচয় এখনও জানা যায়নি।
পরিচয় শনাক্তে আমরা কাজ করছি।
তিনি আরও জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি স্থানীয়দের কাছ থেকেও তথ্য সংগ্রহ করা হচ্ছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/167874