বগুড়ার দুপচাঁচিয়ায় শিশু ধর্ষনকারীর শাস্তির দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ, ধর্ষণকারী গ্রেফতার

বগুড়ার দুপচাঁচিয়ায় শিশু ধর্ষনকারীর শাস্তির দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ, ধর্ষণকারী গ্রেফতার

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়ায় আট বছরের এক শিশুকে ধর্ষণ করা হয়েছে। এ বিষয়ে শিশুটির বাবা বাদি হয়ে গত সোমবার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। পুলিশ ধর্ষণকারীকে গ্রেফতার করেছে।

এদিকে, ধর্ষনকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ মঙ্গলবার সকাল থেকে এলাকাবাসী বিক্ষোভসহ বগুড়া-নওগাঁ মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেন।
জানা গেছে, উপজেলা সদরের পৌরসভার ৩নং ওয়ার্ডের ধাপ সুখানগাড়ি এলাকার স্থানীয় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্রী (৮) একই এলাকার ভাড়াটিয়া বাসায় বসবাসকারী ইদ্রিছ আলী (৬২) এর স্ত্রীর কাছে প্রাইভেট পড়ে। ঘটনার দিন গত সোমবার সন্ধ্যায় শিশুটি প্রতিদিনের মত ইদ্রিছ আলীর বাসাতে প্রাইভেট পড়তে যায়। এ সময় তার স্ত্রীসহ বাসাতে কেউ না থাকার সুযোগে শিশুটিকে প্রলোভন দিয়ে ঘরে নিয়ে যায় ইদ্রিছ। পরে সে শিশুটিকে বিভিন্নভাবে ভয় দেখিয়ে ধর্ষণ করে। একপর্যায়ে শিশুটি দৌড়ে ঘর থেকে বের হয়ে চিৎকারসহ কান্নাকাটি করতে করতে বাড়িতে যায় এবং ঘটনাটি তার মাকে জানায়। তার মা তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। পরে শিশুটিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।ৎ

বর্তমানে শিশুটি সেখানেই চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনার রাতেই মেয়েটির বাবা বাদি হয়ে থানায় মামলা করেন। পুলিশ মামলা গ্রহন করে ধর্ষক ইদ্রিছ আলী (৬২)কে  গ্রেফতার করে। দুপচাঁচিয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিকে আজ মঙ্গলবার বগুড়া কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।

এ দিকে, ২য় শ্রেণীর ওই ছাত্রীকে ধর্ষণের খবর এলাকায় ছড়িয়ে পড়লে সকাল থেকে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। বিদ্যালয়ের অভিভাবক মায়েরা উপজেলা নির্বাহী অফিস ঘেরাও করেন। তারা ধর্ষনকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। উপজেলা নির্বাহী অফিসার শাহ্রুখ খান ধর্ষণকারীর প্রচলিত আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিলে অভিভাকরা ফিরে আসেন। পরে অভিভাবকসহ এলাকাবাসী বগুড়া-নওগাঁ মহাসড়কের দুপচাঁচিয়া থানা বাসষ্টান্ড এলাকায় অবরোধ সৃষ্টি করে। তারা ধর্ষনকারীর একই দাবিতে সড়কের উপর প্রায় এক ঘন্টা অবস্থান নেন। এ সময় সড়কটির দু’পাশে ঢাকা-নওগাঁগামী কোচসহ যাত্রীবাহি বাস ও বিভিন্ন যানবাহন আটকা পড়ে। পরে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাসিরুল ইসলাম ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে ধর্ষণকারীর দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিলে অবরোধ তুলে নেন তারা। 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/167819