হরমুজে যাত্রীবাহী নৌকায় মার্কিন হামলায় নিহত ৫
আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে পাঁচজন বেসামরিক নাগরিককে হত্যা করেছে বলে দাবি করেছে ইরান। তাদের দাবি, মার্কিন বাহিনী ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌযান নয়, বরং যাত্রীবাহী ছোট নৌকায় হামলা চালিয়েছে ওয়াশিংটন।
ইরানের এই দাবি মার্কিন অ্যাডমিরাল ব্র্যাড কুপারের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। তিনি দাবি করেছিলেন, সেন্ট্রাল কমান্ডের বাহিনী হরমুজ প্রণালি থেকে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে বের করে আনার অভিযানে বাধা দেওয়ার চেষ্টা করলে আইআরজিসির ছয়টি নৌযান ডুবিয়ে দেওয়া হয়।
পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সংখ্যা সাতটি বলে উল্লেখ করেন। ‘প্রোজেক্ট ফ্রিডম’ নামে যুক্তরাষ্ট্রের এই অভিযান ৮ এপ্রিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া নাজুক যুদ্ধবিরতিকে টালমাটাল করে দিয়েছে এবং আবারও যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা বাড়িয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এক অজ্ঞাতনামা সামরিক কমান্ডারের বরাতে জানিয়েছে, আইআরজিসির নৌযানে হামলার মার্কিন দাবির পর তেহরান একটি তদন্ত শুরু করে। তদন্তে দেখা গেছে, আইআরজিসির কোনো নৌযান ক্ষতিগ্রস্ত হয়নি বরং সোমবার ওমানের উপকূলের খাসাব থেকে ইরানের উপকূলের দিকে যাত্রা করা দুইটি ছোট নৌকায় মার্কিন বাহিনী হামলা চালায়।
ওই হামলায় নৌকাগুলো ধ্বংস হয়ে যায় এবং পাঁচজন বেসামরিক যাত্রী নিহত হন বলে ওই কমান্ডার জানান। তিনি বলেন, ‘এই অপরাধের জন্য যুক্তরাষ্ট্রকে অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে।’ তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মার্কিন সামরিক বাহিনীর কোনো মন্তব্য পাওয়া যায়নি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/167773