বগুড়ার শাজাহানপুরে বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করলেন- এমপি মোরশেদ মিলটন
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: প্রণোদনা কর্মসূচির আওতায় শাজাহানপুরে ১ হাজার ১শ’ ৬৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী আউশ ধান বীজ, রবি-১ জাতের পাট বীজ, গ্রীষ্মকালীন তিল বীজ, রাসায়নিক সার এবং কৃষক পর্যায়ে পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (৪ মে) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে বীজ, সার ও এয়ার ফ্লো মেশিন বিতরণ করেন বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিলটন। উপজেলা নির্বাহী অফিসার মো. তাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন থানার ওসি মো. আশিক ইকবাল, উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সাবেক আহ্বায়ক আবুল বাশার, হারেজ উদ্দিন, আবু শাহিন সানি।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আমিনা খাতুন। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ফারহানা আফরোজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিএনপি ও অঙ্গ সহযোগি দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।
অপরদিকে আজ সোমবার (৪ মে) সন্ধ্যায় শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের সোনাইদিঘী গ্রামে ডাঙ্গুরী খালের ১ হাজার ৭শ’ মিটার অংশ (আব্দুল হান্নানের বাড়ি থেকে ইব্রাহিমের বাড়ি পর্যন্ত) খনন কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য মোরশেদ মিলটন। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ‘অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি’র আওতায় ৪৩ লাখ ৭৮ হাজার ৯শ’ ৬২ টাকা ব্যয়ে ডাঙ্গুরী খাল খনন প্রকল্পটি বাস্তবায়িত হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/167711