সিরাজগঞ্জের রায়গঞ্জে দশম শ্রেণির শিক্ষার্থী আত্মহত্যার ঘটনায় মানববন্ধন
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে দশম শ্রেণির এক স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ সোমবার (৪ মে) সকালে চান্দাইকোনা বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে সহপাঠী ও এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করে এবং সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শাস্তির দাবি জানান।
নিহত আন্নিছা মুনিয়া খাতুন (১৬) উপজেলার চান্দাইকোনা পূর্বপাড়া এলাকার বাসিন্দা ও স্থানীয় চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। তিনি শিক্ষক রইস উদ্দিনের মেয়ে। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পরিবারের সদস্যরা তাকে ঘরের ভেতর ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এবিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন অপেক্ষায় রয়েছে। পরিবার মামলা করলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/167710