ছাত্রদল সম্পাদক নাছিরকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা

ছাত্রদল সম্পাদক নাছিরকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নিজ জেলা নোয়াখালীতে নবঘোষিত কমিটিকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ‘পকেট কমিটি’ গঠনের অভিযোগ এনে তাকে জেলায় অবাঞ্ছিত ঘোষণা করেছেন স্থানীয় ছাত্রদল নেতারা। একইসঙ্গে পদবঞ্চিত নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল, ককটেল বিস্ফোরণ, সড়ক অবরোধ ও অগ্নিসংযোগের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে জেলা শহর মাইজদী।
 
 
সোমবার (৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালী জেলা জামে মসজিদের সামনে থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়।
 
 
মিছিলটি মসজিদ মার্কেটের সামনে পৌঁছালে সেখানে ৮-১০টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, যার ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর বিক্ষোভকারীরা শহরের প্রাণকেন্দ্র মাইজদী টাউন হল মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এ সময় তারা রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। অবরোধের ফলে নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভ চলাকালে ইটের আঘাতে এক পথচারী আহত হলে তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
 
বেলা সাড়ে ১২টার দিকে অবরোধ তুলে নিয়ে নোয়াখালী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন বিক্ষুব্ধ ছাত্রদল নেতারা। সম্মেলনে সদর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও জেলা ছাত্রদলের নবঘোষিত কমিটির সহ-সভাপতি সাহেদ চৌধুরী বাবুর নেতৃত্বে জেলা আংশিক কমিটি থেকে একাধিক নেতা পদত্যাগের ঘোষণা দেন।
 
 
পদত্যাগকারী ও সংহতি জানানো নেতারা হলেন সাহেদ চৌধুরী বাবু (সহ-সভাপতি, জেলা ছাত্রদল), মোঃ ওয়াসিম (সহ-সভাপতি), মোঃ আকবর হোসেন (সাংগঠনিক সম্পাদক), জিহাদুল ইসলাম সজীব (সাবেক সদস্য সচিব, পৌরসভা ছাত্রদল—বঞ্চিত), আনোয়ার হোসেন রকি (সিনিয়র সহ-সভাপতি—একমত), তারেক নুর (সহ-সভাপতি), ইয়াসিন আরাফাত শুভ (সহ-সভাপতি), হাবিবুর রহমান হাবিব (সহ-সভাপতি—একমত), আবদুস সামাদ রিজভী (যুগ্ম আহ্বায়ক, পৌরসভা ছাত্রদল), আফরাতুল কাউসার (কৃষি ও গবেষণা বিষয়ক সম্পাদক), সুজন হাম্মাদি (সহ-সভাপতি, সদর উপজেলা ছাত্রদল) এবং আরিফুল হক হৃদয় (বঞ্চিত)।
 
 
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির কেন্দ্রীয় নির্দেশনা উপেক্ষা করে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন না করে একতরফাভাবে ‘পকেট কমিটি’ গঠন করেছেন। এটি সংগঠনের ভেতরে বিভাজন তৈরি করেছে।
 
 
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে এই অবৈধ কমিটি বাতিল করে সবার অংশগ্রহণের ভিত্তিতে নতুন কমিটি গঠন করতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/167707