বগুড়ার গাবতলীতে ফিল্মি স্টাইলে অপহরণ করে মুক্তপণ দাবি, গ্রেফতার ১
গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলীতে দিনেদুপুরে ফিল্মি স্টাইলে প্রাইভেটকার যোগে আব্দুর রহমান ওরফে রঞ্জুকে (৫৯) অপহরণের ঘটনায় গতকাল রোববার মিনহাজুল ইসলাম (২৪) নামের এক অপহরণকারীকে পুলিশ গ্রেফতার করে আজ সোমবার (৪ মে) জেলহাজতে প্রেরণ করেছে। আব্দুর রহমান মন্ডল রঞ্জু বালিয়াদিঘি ইউনিয়নের দড়িপাড়া গ্রামের মৃত গেন্দা মন্ডলের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, গতকালদ ৩ মে রোববার দুপুর ২টার দিকে উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের দড়িপাড়া গ্রামে অবস্থিত এসবি ইটভাটার পাশে পাকা রাস্তা দিয়ে ৬টি ছাগল নিয়ে আব্দুর রহমান মন্ডল রঞ্জু বাড়িতে আসার সময়ে অপহরণকারী মিনহাজুল ইসলাম (২৪), রোহান (৩০), জাহিদ (২৯) এবং আল আমিন (২৮) একটি সাদা প্রাইভেটকারে এসে রঞ্জুকে পথরোধ করে প্রাইভেটকারে উঠিয়ে নশিপুর ইউনিয়নের অজ্ঞাত এক বাসায় নিয়ে গিয়ে আটক করে রাখে।
সেখানে তাকে মারপিট করে মোবাইল ফোনে তার পরিবারের কাছ থেকে মুক্তিপণ দাবি করে। পরিবারের লোকজন গাবতলী থানা পুলিশকে মোবাইলে বিষয়টি জানান। গোপন সংবাদ ও তথ্য-প্রযুক্তির সহায়তায় মডেল থানা পুলিশ আসামিদের শনাক্ত করে নশিপুর ইউনিয়নের ছোট ইটালী গ্রাম থেকে মিনহাজুলকে গ্রেফতার করে।
পুলিশ ইটালী বাজার এলাকা থেকে ভিকটিমকে উদ্ধারসহ মিনহাজুল ইসলাম নামের এক অপহরণকারীকে গ্রেফতার করে। আজ সোমবার (৪ মে) গাবতলী মডেল থানা পুলিশ অপহরণকারী মিনহাজুলকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।
এ ব্যাপারে গাবতলী মডেল থানার ওসি রাকিব হোসেন জানান, আসামি মিনহাজুলসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে গাবতলী থানায় নিয়মিত মামলা রেকর্ড করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/167699