কোম্পানীগঞ্জে গরু আনতে গিয়ে বজ্রপাতে গৃহবধূ নিহত
নোয়াখালীর কোম্পানীগঞ্জে গরু আনতে গিয়ে বজ্রপাতে রোমানা আক্তার (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছে।
আজ সোমবার (৪ মে) দুপুরে উপজেলার রামপুর ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। রোমানা একই এলাকার নাছির মাঝির স্ত্রী।
স্থানীয়রা জানান, বৃষ্টির সময় বাড়ি থেকে কিছু দূরের জমিতে গরু আনতে যায় রোমানা। এসময় বজ্রপাতে সে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহতের প্রতিবেশী ছাত্রদল নেতা মো. এনামুল হক মঞ্জু বলেন, এ পরিবারটি সংগ্রামী পরিবার। চাষাবাদ ও গরু পালন করে জীবিকা নির্বাহ করেন। আজকে মাঠ থেকে গরু আনতে গিয়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের সুরতহাল প্রতিবেদনসহ আইনগত প্রক্রিয়া নেওয়া হচ্ছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/167672