নড়াইলের লোহাগড়ায় মানসিক ভারসাম্যহীন কিশোরীকে ধর্ষণের অভিযোগ
নড়াইলের লোহাগড়া উপজেলায় আম কুড়িয়ে বাড়ি ফেরার পথে এক মানসিক ভারসাম্যহীন কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় আজ সোমবার (৪ মে) সকালে লোহাগড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় একমাত্র আসামি করা হয়েছে আকতার খান (৫৫) নামে এক ব্যবসায়ীকে। তিনি লোহাগড়া উপজেলার একটি গ্রামের বাসিন্দা।
কিশোরীর পরিবারের অভিযোগ, গত শনিবার দুপুরে ঝড়ের পর আম কুড়াতে বের হয় ওই কিশোরী। আম কুড়িয়ে ফেরার সময় আকতার খানের ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় তাকে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণ করেন আকতার। পরে ভয়ভীতি দেখিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।
বাড়ি ফেরার পর কিশোরীর অস্বাভাবিক আচরণ দেখে পরিবারের সদস্যরা ঘটনাটি জানতে পারেন।
ঘটনার পর থেকে আকতার খান পলাতক রয়েছেন। তার মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া গেছে। তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা।
পুলিশ জানায়, ভুক্তভোগী কিশোরীর স্বাস্থ্য পরীক্ষাসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।