মৌলভীবাজারে বিদেশি মদ ও ইসকফসহ গ্রেপ্তার ৩
মৌলভীবাজারের কুলাউড়ায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) এর অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল রবিবার (৩ মে) রাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
র্যাব-৯ সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে চাতলাপুর এলাকায় অভিযান চালায় র্যাবের একটি আভিযানিক দল। র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তিনজনকে আটক করা হয়। তবে এসময় তাদের এক সহযোগী পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃতরা হলেন—কুলাউড়া উপজেলার আহমদ আলী (২৪), লিয়াকত আলী (২৮) ও আরমান আলী (১৯)।
র্যাব আরও জানায়, আটককৃতদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ৭০ বোতল নিষিদ্ধ ইসকফ সিরাপ, ২৪ বোতল বিদেশি মদ এবং মাদক বহনে ব্যবহৃত ২টি মোটরসাইকেল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, সীমান্ত এলাকা থেকে এসব মাদক সংগ্রহ করে তারা দেশের বিভিন্ন প্রান্তে বিক্রির উদ্দেশ্যে মজুদ করেছিল।