ম্যানইউ’র খেলা দেখতে এসে হাসপাতালে ক্লাবটির সাবেক কোচ

ম্যানইউ’র খেলা দেখতে এসে হাসপাতালে ক্লাবটির সাবেক কোচ

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক গুরু অ্যালেক্স ফার্গুসন এসেছিলেন লিভারপুলের বিপক্ষে ম্যাচটি মাঠে বসে দেখার জন্য। কিন্তু ম্যাচ শুরুর আগেই তিনি হয়ে পড়েন অসুস্থ। তাই তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

গতকাল রোববার ওল্ড ট্র্যাফোর্ডে লিভারপুলের বিপক্ষে প্রিমিয়ার লিগ ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে অসুস্থ বোধ করলে ৮৪ বছর বয়সী এই কিংবদন্তি কোচকে সতর্কতামূলকভাবে হাসপাতালে নেওয়া হয়। ক্লাবের সূত্রে জানা গেছে, এটি জরুরি কোনো পরিস্থিতি ছিল না। বরং সতর্কতার অংশ হিসেবেই তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কোনো আপডেট এখনো জানানো হয়নি।

২৭ বছর ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে দায়িত্ব পালন করা ফার্গুসন সাধারণত স্টেডিয়ামের ডিরেক্টরস বক্স থেকেই দলের খেলা উপভোগ করেন। ম্যাচের কয়েক ঘণ্টা আগেও তাকে অতিথিদের সঙ্গে স্টেডিয়ামে দেখা গেছে। ২০১৮ সালে ব্রেন হেমোরেজে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন ফার্গুসন, পরে দীর্ঘ চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে ওঠেন।

ম্যাচ শেষে ইউনাইটেডের কোচ মাইকেল ক্যারিক তার সাবেক কোচের দ্রুত সুস্থতা কামনা করেছেন। তিনি আশা প্রকাশ করেন, দলের ৩-২ গোলের জয় ফার্গুসনের জন্য ইতিবাচক বার্তা বয়ে আনবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/167623