সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সদ্য ভূমিষ্ঠ শিশুর মরদেহ উদ্ধার
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সদ্য ভূমিষ্ঠ একটি ছেলে শিশুর মরদেহ উদ্ধার করেছে সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানা পুলিশ। আজ রোববার (৩ মে) বেলা ১১টায় উপজেলার পূর্ণিমাগাঁতী-ধামাইকান্দি আঞ্চলিক সড়কে পূর্ণিমাগাঁতী ইউনিয়নের পুঠিয়া গ্রামের একটি পরিত্যক্ত ভিটায় শিশুটিকে কাপড়ে জড়িয়ে কে বা কারা গতকাল শনিবার রাতে রাতে ফেলে দিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, সকালে পুঠিয়া গ্রামের একটি পরিত্যক্ত ভিটায় গাছের নিচে এক শিশুকে কাপড় জড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে বিষয়টি উল্লাপাড়া থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে শিশুর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মোক্তারুজ্জামান বলেন, শিশুটি একদিনের বয়সী হবে। উদ্ধারের সময় শিশুটিকে মৃত অবস্থায় পাওয়া যায়। শিশুটিকে মৃত অবস্থায় কেউ ফেলে রেখেছে, নাকি জীবিত অবস্থায় উক্ত স্থানে ফেলে দেবার পর মারা গেছে তা বোঝা যাচ্ছে না। ফলে শিশুটিকে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/167580